জুলাই সনদ 'সাংবিধানিকভাবে বাস্তবায়নে' সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী

প্রকাশ :

সংশোধিত :

জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকার নিয়মতান্ত্রিক ও সাংবিধানিকভাবে 'জুলাই সনদ' বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিভ্রান্তিকর আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করতে চায় না বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার কন্যাদহ গ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত শিরিষকাঠ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, জুলাই মাস দেশের মানুষের জীবনের বাঁক ঘুরিয়ে দিয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে বিরাশি থেকে নব্বই ও ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা খুন ও গুম হয়েছেন, তাদের ত্যাগের আনুষ্ঠানিক স্বীকৃতির জন্যই সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে অর্থনৈতিক মুক্তির যে পথ দেখিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কর্মসূচি পুনরায় চালুর মাধ্যমে দেশে আবারও উন্নয়ন ও উৎপাদনের ধারা সূচনা করেছেন বলে মন্ত্রী মন্তব্য করেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে ফিরে বলেছিলেন, ‘আই হ্যাভ এ প্ল্যান’ (আমার একটি পরিকল্পনা আছে)। সেই পরিকল্পনাগুলোই এখন সাধারণ মানুষের কল্যাণে দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে শুরু করেছে।

কথার ফুলঝুরি নয়, বরং প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রমাণ হিসেবে সরকার ইতোমধ্যে বেশ কিছু বড় উদ্যোগ গ্রহণ করেছে বলে আইনমন্ত্রী জানান। এসব উদ্যোগের কারণে ফ্যাসিস্ট ও নিন্দুকেরা জবাবহীন হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। 

সর্বশেষ খবর