ফরিদপুরে ইজিবাইকের চালক হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

প্রকাশ :
সংশোধিত :

ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক ফারুক তালুকদার (৪০) হত্যা মামলায় চার জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। রায়ের সময় দুইজন আসামি উপস্থিত থাকলেও বাকি দুইজন পলাতক ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, রাজবাড়ী সদর উপজেলার আনিছ মল্লিক, সহিদ শেখ এবং পলাতক আসামি শাহজাহান শেখ ও মো. শামীম ওরফে ভাগ্নে শামীম। পরে উপস্থিত আসামিদের পুলিশ পাহারায় জেলহাজতে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের ছেলে ফারুক তালুকদার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সেদিন রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজির পর ৭ মার্চ সকালে ফরিদপুর জেলার লক্ষ্মীদাসের হাট এলাকার রাস্তার পাশে ফারুক তালুকদারের মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় নিহতের ভাই হান্নান তালুকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা ও ইজিবাইক ছিনতাইয়ের মামলা দায়ের করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম জানান, ইজিবাইক ছিনতাই করতে গিয়ে চালককে কুপিয়ে হত্যার মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেন। পলাতক দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিচারক।


For all latest news, follow The Financial Express Google News channel.