ঈদে সেনা সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রীর


পবিত্র ঈদুল আজহার আনন্দ সেনা সদস্যদের সঙ্গে ভাগাভাগি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের দিন তিনি ঢাকা সেনানিবাসে গিয়ে সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
সেনা সদস্যদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর সেনানিবাসে এসে তিনি আবেগাপ্লুত ও আনন্দিত। সেনানিবাসের শৃঙ্খলা, পারস্পরিক বন্ধন ও সেনা সদস্যদের আন্তরিকতা তাঁর কাছে বিশেষ স্মৃতিবহ।
তিনি বলেন, দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে দেশের যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দায়িত্ববোধ প্রশংসনীয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় আস্থার প্রতীক হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর সদস্যরা দেশপ্রেম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে জাতির সেবায় নিয়োজিত থাকবেন।
প্রীতিভোজ শেষে তিনি সৈনিক লাইন পরিদর্শন করেন, একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সেনা সদস্যদের সঙ্গে ফটোসেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।
কর্মসূচির শেষদিকে তিনি সেনা সদস্যদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন।
আইএসপিআর জানিয়েছে, প্রধানমন্ত্রীর এই উপস্থিতি সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে এবং তাদের দায়িত্ববোধ ও দেশসেবার অঙ্গীকার আরও দৃঢ় করবে।


For all latest news, follow The Financial Express Google News channel.