দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: ডিসিদের কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

প্রকাশ :
সংশোধিত :

দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস না করার দৃঢ় বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জেলা প্রশাসকদের। একইসঙ্গে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে তাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
আজ রোববার (৩ মে) জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সুশাসনই বর্তমান সরকারের মূল ভিত্তি। এটি নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ প্রশাসন, যোগ্য নেতৃত্ব এবং জবাবদিহিতা। তিনি স্পষ্ট করে বলেন, দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান অনড়—এ ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পর এটি বিএনপি সরকারের প্রথম ডিসি সম্মেলন।
৬৪ জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহার ও ‘জুলাই সনদ’-এ দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ কাজে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মেধা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে ডিসিরা একটি জবাবদিহিমূলক, আইনভিত্তিক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী অতিরিক্ত আইনগত জটিলতাকে অজুহাত না করে বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন, যাতে জনগণ সময়মতো সরকারি সেবার সুফল পেতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন।


For all latest news, follow The Financial Express Google News channel.