দুই মাসে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ :

সংশোধিত :

বিগত দুই মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার (১০ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ মিলনায়তনে ‘পুলিশ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা’য় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইজিপি মো. আলী হোসেন ফকির এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খন্দকার রফিকুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির ফলে অপরাধের ধরন ও ব্যাপ্তিতে পরিবর্তন এসেছে। তাই আধুনিক অপরাধ মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন জরুরি, অন্যথায় কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া কঠিন হবে।

মন্ত্রী আরও বলেন, জুয়া, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং অর্থ পাচার রোধে সময়োপযোগী আইন প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশের ভিত্তিতে নতুন আইন করা হবে।

এছাড়া ‘মব কালচার’ প্রতিরোধে বিদ্যমান আইন সংশোধন ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে জনগণের প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্বশেষ খবর