ডিসি সম্মেলনে সেনাপ্রধান: সফল নির্বাচনের জন্য প্রশাসনকে ধন্যবাদ

প্রকাশ :

সংশোধিত :

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মনে করেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মতো ‘সুশৃঙ্খল ও চমৎকার’ নির্বাচন দেশের ইতিহাসে আর দেখা যায়নি।

আজ মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনে প্রতিরক্ষা সংক্রান্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন বলে এক ভিডিও বার্তায় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

সেনাপ্রধান বলেন, এমন একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। তার ভাষায়, নির্বাচন আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব ছিল প্রশাসনের ওপর, এবং ইতিহাসে এ ধরনের সফল নির্বাচন আগে হয়নি।

তিনি আরও বলেন, সামরিক ও বেসামরিক প্রশাসন একসঙ্গে কাজ করলে যেকোনো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সময়ের অনিশ্চয়তা স্মরণ করে সেনাপ্রধান জানান, নির্বাচন নিয়ে নানা ধরনের সন্দেহ ও গুজব ছিল, তবে তা ভুল প্রমাণ করে সফলভাবে ভোট সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এই অর্জন খুব সহজ ছিল না এবং এর পেছনে সংশ্লিষ্ট সবার ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান এবং বলেন, ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্যোগ বা সংকটে সহায়তার জন্য সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান উপকূল ও সমুদ্র নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বাহিনীর আধুনিকায়ন ও নতুন বিমান সংযোজনের পরিকল্পনা উপস্থাপন করেন।

প্রতিরক্ষা বিষয়ক আলোচনায় সশস্ত্র বাহিনী বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সর্বশেষ খবর