রবীন্দ্রনাথের কাছারিবাড়িতে হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার

প্রকাশ :
সংশোধিত :

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) সকালে উপজেলার ব্রিজ ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন দ্বারিয়াপুর লোদীপাড়ার মৃত হেলাল আকন্দের ছেলে মো. সারদুল আকন্দ রত্ন (১৯) ও রুপপুর নতুনপাড়া গ্রামের হাজী হায়দার আলীর ছেলে মো. আব্দুস সালাম (৪৩)। তারা দুজনেই শাহজাদপুর উপজেলার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ৮ জুন পার্কিং ফি নিয়ে বাগবিতণ্ডা ও মারধরের জেরে ১০ জুন স্থানীয়দের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে ঐতিহাসিক কাছারিবাড়িতে। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং তদন্ত কমিটি গঠনসহ থানায় মামলা দায়ের করা হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.