কুড়িগ্রামে মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার

প্রকাশ :
সংশোধিত :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মাটি খননের সময় একটি মরিচাধরা হ্যান্ড গ্রেনেড (মর্টারশেল) সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ অথবা ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ের হতে পারে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল মান্নান মিয়ার জমিতে বুধবার (১ এপ্রিল) বিকেলে খাল খননের কাজ চলছিল। এ সময় শ্রমিকরা মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। বস্তুটি হ্যান্ড গ্রেনেড বা মর্টারশেলের মতো মনে হওয়ায় তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে জমির মালিকের কাছে জমা দেন।
পরবর্তীতে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জমির মালিক ভূরুঙ্গামারী থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
উদ্ধারকৃত বস্তুটির গায়ে ‘PGF’ লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো পুরোনো গ্রেনেড বা মর্টারশেল, যা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে থাকায় মরিচা ধরে গেছে এবং বিস্ফোরিত হয়নি।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত বস্তুটি থানার হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সেনাবাহিনী ও র্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলকে জানানো হয়েছে। তাদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দল থানায় পৌঁছেনি বলে নিশ্চিত করেছেন ওসি আজিম উদ্দিন।


For all latest news, follow The Financial Express Google News channel.