ঢাকাসহ ৫ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত

প্রকাশ :
সংশোধিত :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের পাঁচটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি দেশের অন্যান্য এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত গতির দমকা হাওয়া হওয়ার আশঙ্কা রয়েছে।
আগামীকাল শুক্রবার (৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা ও ফরিদপুর জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বইতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের অন্যান্য জেলায় একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায়ও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েক দিন সারা দেশেই ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.