চার অঞ্চলে কালবৈশাখীর আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ :

সংশোধিত :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার দিবাগত রাত ১টার মধ্যে দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বিশেষ পূর্বাভাসে বলা হয়, বিকেল ৩টা থেকে রাত ১টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় ঘণ্টায় বাতাসের গতিবেগ ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল অতিক্রম করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, নোয়াখালী, খুলনা, বাগেরহাট ও যশোর জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর