চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (১৬ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার সংলগ্ন এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এ কর্মসূচির সূচনা করেন।
পরে তিনি খালের পাড়ে নেমে কোদাল দিয়ে মাটি কেটে পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় খালের ধারে বৃক্ষরোপণও করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
জানা যায়, ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খোর্দ্দ খাল খনন করেছিলেন। প্রায় ৪৮ বছর পর একই খালের পুনঃখনন কার্যক্রম শুরু করলেন তারেক রহমান।
পরে খালটির পাশে নির্মিত মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মী ও সমর্থক করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।
এর আগে বেলা দেড়টার দিকে তিনি শাহরাস্তি উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুলি গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন কর্মসূচিরও উদ্বোধন করার কথা রয়েছে। এই খালটি ডাকাতিয়া নদী থেকে ঘোষের হাট হয়ে মতলব দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিস্তৃত।


For all latest news, follow The Financial Express Google News channel.