বগুড়ায় ৩৬ ডিগ্রি তাপমাত্রার মধ্যে হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু

প্রকাশ :
সংশোধিত :

বগুড়ায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তীব্র এই তাপপ্রবাহের মধ্যে ‘হিটস্ট্রোকে’ আক্রান্ত হয়ে সড়কেই এক রিকশাচালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে বগুড়া শহরের মালতীনগর বকশীবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই রিকশাচালকের নাম আবু সামাদ (৫৫)। তিনি জেলার সারিয়াকান্দি উপজেলার গোয়ালবাতান ফুলবাড়ি এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ মন্ডল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুরের দিকে রিকশা নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন আবু সামাদ। পথে বকশীবাজার মোড়ে পৌঁছালে হঠাৎ অসুস্থ বোধ করায় রিকশা থামিয়ে বসে পড়েন তিনি। এ সময় আশপাশের লোকজন তাকে পাশের একটি ভবনের দেয়ালের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেন। কিন্তু এর কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের ধারণা, অতিরিক্ত গরমের কারণে ‘হিটস্ট্রোকে’ তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বগুড়া আবহাওয়া অফিসের ওয়্যারলেস অপারেটর রবিউল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ।


For all latest news, follow The Financial Express Google News channel.