যমুনা এলাকায় বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি চালানো হয়নি: ডিএমপি

প্রকাশ :

সংশোধিত :

যমুনা ও আশপাশের এলাকায় অবৈধ সমাবেশ সরাতে পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও বিক্ষোভ নিষিদ্ধ থাকলেও শুক্রবার কয়েকটি গোষ্ঠী দাবি-দাওয়া নিয়ে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে যমুনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।

এতে আরও উল্লেখ করা হয়, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, যা পুলিশের নজরে এসেছে।

ডিএমপি জানায়, পুরো প্রক্রিয়া আইনানুগভাবে পরিচালিত হয়েছে এবং কোথাও গুলি বা আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি। এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হন, পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়েছেন। এ বিষয়ে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। 

 

সর্বশেষ খবর