সুপ্রিম কোর্ট ভবনে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ :
সংশোধিত :

সুপ্রিম কোর্টের বিজয় একাত্তর ভবন থেকে হাই কোর্ট বিভাগের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১ জুন) দুপুরে ভবনের অষ্টম তলার একটি টয়লেটের পেছনের অংশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।
নিহত মো. কামাল উদ্দিন (৪২) হাই কোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার বড় কাঠুরি গ্রামে। তিনি ঢাকার আদাবর এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে রোববার ঢাকায় ফিরে আসেন কামাল উদ্দিন এবং সোমবার যথারীতি কর্মস্থলে যোগ দেন।
ওসি মনিরুজ্জামান খান বলেন, নিহতের মেয়ে কানিজ ফাতেমা বীথির দেওয়া তথ্য অনুযায়ী, কামাল দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ইবনে সিনা হাসপাতালে নিউরোমেডিসিন বিভাগে চিকিৎসা নিয়েছিলেন। এছাড়া গত ডিসেম্বর ও জানুয়ারিতে পাইলসের অস্ত্রোপচারের কারণে দীর্ঘ সময় অফিসে অনুপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, ওই সময়ে যথাযথভাবে ছুটি না নেওয়ায় অফিস-সংক্রান্ত কিছু জটিলতার মুখোমুখি হন কামাল। সাম্প্রতিক সময়ে হাজিরা ও চাকরি নিয়ে তিনি মানসিকভাবে উদ্বিগ্ন ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.