পল্লবীতে পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় রিমান্ডে ছয় ডাকাত

প্রকাশ :
সংশোধিত :

রাজধানীর পল্লবী থানার কাঁচা বাজার এলাকায় ঈদের ছুটিতে থাকা পিবিআই কর্মকর্তা মো. মাসুদুর রহমানের ওপর হামলা ও লুটপাটের ঘটনায় করা মামলায় ছয়জন ডাকাতকে দুইদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (১৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এই আদেশ দেন।
রিমান্ডে নেওয়া ছয় আসামি হলেন— আল আমিন (৩৬), আল আমিন (২৯), মো. রাজিব (৩৬), মো. বাবলু (৩৫), মো. ফারুখ (৩৩) ও সুমন (১৯)।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিনের আবেদন জানায়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ১২ জুন ঈদের ছুটিতে বাজার করতে গিয়ে পিবিআই ফরিদপুরের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান কাঁচা বাজার এলাকায় পৌঁছালে কিছু সন্ত্রাসী তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে মারধর করে মোবাইল ফোন, ঘড়ি, সোনার চেইন ও নগদ টাকাসহ মোট ১ লাখ ৪৬ হাজার টাকার মালামাল লুটে নেয়।
মাসুদুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা ওই দিনই পল্লবী থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


For all latest news, follow The Financial Express Google News channel.