কর্মবিরতি শেষে আংশিকভাবে চালু মেট্রোরেল সেবা

প্রকাশ :
সংশোধিত :

কর্মকর্তা–কর্মচারীদের কর্মবিরতির জেরে মেট্রোরেল চলাচল বন্ধ থাকলেও রাত থেকে পুনরায় ট্রেন চালু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের জানিয়ে রাখা হচ্ছে, রাত সোয়া ৮টা থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেল পুনরায় চলাচল শুরু করেছে।
এর আগে বেলা ৩টা থেকে উত্তরা দিয়াবাড়িতে ডিএমটিসিএল কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন প্রতিষ্ঠানের নিয়মিত কর্মকর্তা–কর্মচারীরা। এ সময় আন্দোলনকারীরা ব্যবস্থাপনা পরিচালককে তার কক্ষে আটকে রাখেন।
তথ্য অনুযায়ী, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর ১২ বছর পার হলেও ডিএমটিসিএলের ৯০০–র বেশি কর্মকর্তা–কর্মচারীর জন্য এখনো আলাদা চাকরি-বিধিমালা চূড়ান্ত হয়নি। ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল শুরু হওয়ার পর থেকে উন্মুক্ত নিয়োগে যোগ দেয়া এসব কর্মী দিনরাত দায়িত্ব পালন করলেও ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট অ্যালাউন্স/ওভারটাইম, গ্রুপ ইনস্যুরেন্সসহ নানা মৌলিক সুবিধা থেকে তারা বঞ্চিত বলে অভিযোগ করেন।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর উপদেষ্টা কমিটির নির্দেশনায় ৬০ কর্মদিবসের মধ্যে সার্ভিস রুল প্রণয়নের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। পরে কর্মচারীরা ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি আন্দোলনে নামলে ২০ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ ২০ মার্চের মধ্যে সার্ভিস রুল চূড়ান্ত করার আশ্বাস দেয়। কিন্তু সেই প্রতিশ্রুতিও পূরণ না হওয়ায় টানা ৯ মাসের ক্ষোভ এদিন আন্দোলনে বিস্ফোরিত হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.