জাতীয় চিড়িয়াখানায় সংস্কার ও উন্নয়নে কঠোর নির্দেশনা প্রতিমন্ত্রীর

প্রকাশ :

সংশোধিত :

ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় পশুপাখির সংখ্যা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আজ শুক্রবার (২৭ মার্চ) আকস্মিকভাবে চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন খাত ঘুরে দেখেন এবং একাধিক নির্দেশনা প্রদান করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী সাধারণ দর্শনার্থীর মতো টিকিট কেটে চিড়িয়াখানায় প্রবেশ করেন এবং প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি বিভিন্ন প্রাণীর খাঁচা, প্রাণী চিকিৎসাকেন্দ্র এবং ওষুধ সংরক্ষণাগার পরিদর্শন করেন।

তিনি প্রথমে প্রাণী পুষ্টি শাখায় গিয়ে প্রাণীদের খাদ্যের মান ও পরিমাণ যাচাই করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে প্রাণীদের খাবার, স্বাস্থ্যসেবা ও সার্বিক পরিচর্যা বিষয়ে খোঁজ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চিড়িয়াখানার সামগ্রিক অবস্থা, ব্যবস্থাপনা ও সম্ভাব্য ত্রুটি সরেজমিনে পর্যবেক্ষণের উদ্দেশ্যেই এই আকস্মিক পরিদর্শন করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী দর্শনার্থীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন।

সুলতান সালাউদ্দিন টুকু বেদখল হয়ে থাকা চিড়িয়াখানার প্রায় ৭ একর জমি দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ দেন। পাশাপাশি পাবলিক টয়লেট বৃদ্ধি, বসার জায়গা সম্প্রসারণ, সড়ক মেরামত, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং পশুপাখির সংখ্যা বাড়ানোর বিষয়েও তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, বর্তমান বাজেটের মধ্যেই দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম দেখতে চান।

তিনি আরও জানান, কাউকে না জানিয়ে এ পরিদর্শন করা হয়েছে যাতে প্রকৃত পরিস্থিতি বোঝা যায়। দর্শনার্থীদের সুবিধা বাড়ানো ও পরিচ্ছন্নতা নিশ্চিতের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি নতুন কিছু প্রাণী আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, চিড়িয়াখানাকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা প্রয়োজন। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে এটিকে একটি লাভজনক ও দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. আবুবকর সরকার, চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার এবং কিউরেটর মো. আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর