গাড়িবহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ :

সংশোধিত :

নিজের গাড়িবহর থামিয়ে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সকে দ্রুত যাওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৬ মে) সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে যাওয়ার পথে এভিয়েটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশে এ ঘটনা ঘটে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গাড়িতে বসে পেছনের দিকে তাকিয়ে দেখেন, তার বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স দ্বিধায় রয়েছে—আগাবে কি না বুঝতে পারছে না। বিষয়টি লক্ষ্য করে তিনি নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন যেন দ্রুত অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর বহর থামিয়ে অ্যাম্বুলেন্সটি এগিয়ে যেতে দেওয়া হয়।

আতিকুর রহমান রুমন এ ঘটনাকে একটি ব্যতিক্রমী উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মতিঝিলমুখী একটি প্রাইভেট কারে থাকা বেসরকারি একটি বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা সালেহ উদ্দিন জানান, কারওয়ান বাজার এলাকায় তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরের পেছনে ছিলেন। হঠাৎ সব গাড়ি থেমে যায় এবং নিরাপত্তা কর্মীরা অ্যাম্বুলেন্সটিকে সামনে যেতে সহায়তা করেন—যা দেখে তিনি আনন্দিত হন।

তার মতে, এটি একটি মানবিক দৃষ্টান্ত। আগে রাষ্ট্র বা সরকারপ্রধানদের যাতায়াতের সময় সাধারণ যানবাহন চলাচল বন্ধ থাকত, ফলে মানুষকে দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হতো। তবে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এদিন মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিয়ে তিনি আরেকটি উদাহরণ স্থাপন করলেন।

সাধারণ মানুষের প্রতি একজন সরকারপ্রধানের দায়িত্ববোধ ও সহমর্মিতার এই আচরণ সবার জন্য শিক্ষণীয় বলেও মন্তব্য করেন সালেহ উদ্দিন।

সর্বশেষ খবর