দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশী বস্তির আগুন

প্রকাশ :

সংশোধিত :

রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা রাত ৭টা ৩২ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়।

তবে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এছাড়া পর্যাপ্ত পানির অভাবও আগুন নিয়ন্ত্রণের কাজে কিছুটা বাধা সৃষ্টি করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সর্বশেষ খবর