ডিএনডি বাঁধের জলাবদ্ধতা সমাধানে নতুন পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক


প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধসংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠকটি হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সভায় ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এবং এর স্থায়ী সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ডিএনডি অঞ্চলে জলাবদ্ধতার সমস্যা এখনো পুরোপুরি সমাধান হয়নি। ২০১৬ সালে নেওয়া একটি প্রকল্প ২০২৪ সালে শেষ হলেও এর কাঙ্ক্ষিত সুফল এখনো পুরোপুরি পাওয়া যায়নি।
তিনি আরও জানান, সমাপ্ত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
মন্ত্রী বলেন, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, যার আওতায় প্রায় ৩০ কিলোমিটার নতুন ও উন্নত ড্রেনেজ ব্যবস্থা তৈরির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগে এবার কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রী ছাড়াও প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.