ঢাকায় ১,৪০০ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ, আইনশৃঙ্খলা জোরদার: রিটার্নিং কর্মকর্তা

প্রকাশ :

সংশোধিত :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকার ১ হাজার ৪০০ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, এমন তথ্য দিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) ঢাকায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় নির্বাচন ও গণভোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ সন্ধ্যার মধ্যে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে ভোটের সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছে যাবে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো নিরাপত্তাজনিত সমস্যা নেই এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো চাপ অনুভূত হচ্ছে না। এ পর্যন্ত ৫২টি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এসেছে, যা সব নিষ্পত্তি করা হয়েছে।

তবে রিটার্নিং কর্মকর্তা জানান, ঢাকার ১৩টি আসনের ১ হাজার ৪০০টি কেন্দ্রকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এসব কেন্দ্রে স্বাভাবিকের তুলনায় বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, “ঢাকায় বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ৮০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।”

তিনি আরও জানান, ঢাকার ৯০ শতাংশ ভোট কেন্দ্র সিসিটিভির আওতাধীন থাকবে। পাশাপাশি, বডি ওর্ন ক্যামেরা নিয়ে দুইজন আনসার সদস্য রিয়েল-টাইম ফুটেজ আপলোড করবেন।

সর্বশেষ খবর