বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিলেন ডিএসসিসি প্রশাসক

প্রকাশ :

সংশোধিত :

বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ধারিত ১০০ টাকার বেশি বিল আদায় করলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান (পিসিএসপি)-এর লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

আজ সোমবার (১১ মে) ঢাকার নগর ভবনের মিলনায়তনে বর্জ্য সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন বলে ডিএসসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রশাসক বলেন, বাসাবাড়ি থেকে মাসিক নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ ফি নেওয়া যাবে না এবং প্রতিদিন নিয়মিতভাবে ময়লা অপসারণ করতে হবে। এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।

তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় অভিযোগ পাওয়া যাচ্ছে যে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত হার না মেনে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং নিয়মিত বর্জ্য সংগ্রহ করছে না, যা কোনোভাবেই সহ্য করা হবে না। সব ক্ষেত্রে রশিদের মাধ্যমে নির্ধারিত ১০০ টাকা ফি আদায় করতে হবে।

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সর্বশেষ খবর