১ এপ্রিল থেকে ঢাকায় ফুটপাত দখলমুক্তে ডিএমপির অভিযান শুরু

প্রকাশ :
সংশোধিত :

ঢাকা মহানগরীর ফুটপাত ও রাস্তা থেকে দোকান, শোরুম, রেস্টুরেন্ট ও ওয়ার্কশপের অবৈধভাবে সম্প্রসারিত অংশ অপসারণে আগামী ১ এপ্রিল থেকে অভিযান পরিচালনা করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরীর বিভিন্ন এলাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব সীমানার বাইরে গিয়ে ফুটপাত ও রাস্তা দখল করে কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রেস্টুরেন্টের রান্নার সরঞ্জাম, গ্রিল বা কাবাব তৈরির যন্ত্র, ওয়ার্কশপের টায়ার ও যন্ত্রাংশ, ওয়েল্ডিং সামগ্রী, পোশাক ও আসবাবপত্র দোকানের পণ্যসহ বিভিন্ন উপকরণ ফুটপাত ও সড়কে রাখা হচ্ছে। এমনকি অনেক ক্ষেত্রে যানবাহন মেরামতের কাজও ফুটপাত ও সড়কের একাংশ দখল করে করা হয়।
এর ফলে পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে এবং সড়কে যানজটেরও সৃষ্টি হয়।
এ অবস্থায় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকান মালিকদের অনুরোধ জানানো হয়েছে, তারা যেন অবিলম্বে ফুটপাত ও রাস্তা থেকে এসব অবৈধভাবে রাখা মালামাল ও সরঞ্জাম সরিয়ে নেন এবং জনস্বার্থে আইন মেনে চলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্দেশনা অমান্য করলে ১ এপ্রিল থেকে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেবে। এর মধ্যে জরিমানা, কারাদণ্ড এবং মালামাল জব্দসহ কঠোর পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।
ডিএমপি এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।


For all latest news, follow The Financial Express Google News channel.