‘ব্যক্তি নয়, পরিবারই মূল একক’: ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার ঘোষণা প্রধানমন্ত্রীর


‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ দশর্নে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বুধবার (৮ এপ্রিল) নোয়াখালী-১ আসনের এমপি এ এম মাহবুব উদ্দিনের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের নাগরিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে গত ১০ মার্চ ২০২৬ প্রথম ধাপে ১০টি জেলা ও ৩টি সিটি কর্পোরেশনের মোট ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের প্রায় ৪ কোটি পরিবারকে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী) এলাকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ওই অঞ্চলের দরিদ্র পরিবারের নারী সদস্যদের ক্ষমতায়ন ও স্বাবলম্বী করতে দ্রুত তাদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা সম্ভব হবে।
এর আগে সকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয় এবং শুরুতেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.