আপনাদের ভালোবাসায় আমি ধন্য: সিলেটবাসীর প্রতি সারওয়ার

প্রকাশ :

সংশোধিত :

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রত্যাহারের আদেশ কার্যকর হওয়ার পর মঙ্গলবার তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর স্থলাভিষিক্ত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।

সিলেট ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সারওয়ার আলম সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিদায় জানান।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে সিলেটের জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। তবে প্রত্যাহারের কারণ বা নতুন জেলা প্রশাসকের নাম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

সারওয়ার আলমের প্রত্যাহারের খবরে সিলেটে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। তাঁকে স্বপদে বহাল রাখার দাবিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

প্রশাসনিক ও রাজনৈতিক সূত্রগুলোর মতে, সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে নেওয়া তাঁর কিছু উদ্যোগ নিয়ে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এর অংশ হিসেবে পুরোনো দানবাক্স পরিবর্তন, নতুন দানবাক্স স্থাপন এবং দান সংগ্রহে ব্যবহৃত ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা হয়। দায়িত্ব হস্তান্তরের আগে এসব দানবাক্স ও ডেগ থেকে প্রায় ১৮ লাখ টাকা পাওয়া যায়।

সর্বশেষ খবর