‘আমি হুকুমের গোলাম, এ রায় মানি না’: ফাঁসির দণ্ডপ্রাপ্ত এএসআই আমির

প্রকাশ :
সংশোধিত :

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুলিশ সদস্য এএসআই আমির হোসেন রায়ের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বাইরে তিনি নিজেকে ‘হুকুমের গোলাম’ দাবি করে এই রায় প্রত্যাখ্যান করেন।
মানবতাবিরোধী অপরাধের এই মামলায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়।
রায়ের পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়ার সময় এএসআই আমির হোসেন উচ্চস্বরে বলেন, “আমি পুলিশের চাকরি করি, হুকুমের গোলাম। আমাকে কেন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি এ রায় মানি না।”
এ সময় তিনি আকস্মিকভাবে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওঠেন এবং বলেন, “আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমি তাই করেছি। আর এখন কেন আমাকেই ফাঁসানো হয়েছে?”
বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। রায়ে দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ডের পাশাপাশি তৎকালীন সহকারী পুলিশ কমিশনারসহ তিন কর্মকর্তাকে যাবজ্জীবন এবং মামলার বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.