আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশ :

সংশোধিত :

আজ থেকে জাতীয় সংসদ ভবনে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায়  অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ মোট সাতটি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

দীর্ঘদিন ধরে কার্যকর সংসদের অভাব দেশের মানুষ অনুভব করেছে। একতরফা সরকার, দুর্বল বিরোধী দল এবং আংশিক নির্বাচনের কারণে জাতীয় সংসদের কার্যক্রম প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। তবে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারও সংসদে প্রাণ ফিরে আসার আশা তৈরি হয়েছে।

বর্তমান সংসদে সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অভিজ্ঞ বিএনপি। অন্যদিকে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত রাজনৈতিক দল এনসিপি।

সাধারণ মানুষের প্রত্যাশা, সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে একটি প্রাণবন্ত ও কার্যকর সংসদ গড়ে উঠবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ জনপ্রত্যাশা পূরণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।

প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া গোলাম নাফিজের রিকশাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক সূচনা হবে। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য সাময়িকভাবে সভাপতিত্ব করবেন এবং তার নেতৃত্বেই কার্যক্রম শুরু হবে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রথম দিনের কার্যসূচিতে সাতটি বিষয় রয়েছে। শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এরপর নবনির্বাচিত স্পিকার দায়িত্ব গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন। পরে সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে এবং প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।

এ অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মোট ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। সংসদ এসব অধ্যাদেশ অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। জানা গেছে, জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশসহ কিছু অর্ডিন্যান্স অপরিবর্তিতভাবে অনুমোদন করা হতে পারে।

পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। একই সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিও গঠন করা হবে।

সবশেষে রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন এবং তার ভাষণের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। এভাবেই শেষ হবে প্রথম দিনের কার্যসূচি। প্রথম অধিবেশন প্রায় এক মাস ধরে চলবে।

সর্বশেষ খবর