আবু সাঈদ হত্যা মামলায় ২ পুলিশের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশ :

সংশোধিত :

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদ হত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রায়ে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিন পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করা হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পেয়েছেন এএসআই (সশস্ত্র) আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এই দুই আসামি বর্তমানে পুলিশের হাতে গ্রেপ্তার রয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন—তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ওরফে নয়ন এবং এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এই হত্যা মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছিল। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই ৫ জন বাদে বাকি ২৫ আসামির সকলকেই অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ খবর