৪৮১ জন ‘ভুয়া মুক্তিযোদ্ধার’ গেজেট বাতিল

প্রকাশ :
সংশোধিত :

বিগত সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।
রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের এক জনগুরুত্বসম্পন্ন নোটিশের জবাবে মন্ত্রী জানান, যাচাই-বাছাইয়ের মাধ্যমে ইতোমধ্যে সারা দেশে ৪৮১ জন অমুক্তিযোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে।
মন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত তদন্তের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ বলতে আসলে কিছু নেই। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় ঢুকে পড়েছে।”
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে এবং অভিযোগ প্রমাণিত হওয়া মাত্রই তাদের সনদ ও গেজেট বাতিল করা হচ্ছে বলেও জানান তিনি।
মন্ত্রী জানান, প্রবাসে অবস্থানরত মুক্তিযোদ্ধাদের আবেদনের ভিত্তিতে দ্রুত ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি প্রদানের ব্যবস্থা করা হবে।
বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী এবং সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষায় সরকার যেকোনো অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।


For all latest news, follow The Financial Express Google News channel.