৪ লাখ ২৮ হাজার ৮২৮ প্রবাসীর পোস্টাল ব্যালট পৌঁছালো দেশে


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করা প্রবাসী ভোটারদের পাঠানো ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে পৌঁছেছে।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রোববার সকাল ১১টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন তাদের ভোট প্রদান সম্পন্ন করেছেন।
তিনি আরও জানান, ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে ব্যালট জমা দিয়েছেন। এর মধ্যে ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে।
এদিকে, বিদেশে অবস্থানরত ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত (আইসিপিভি) ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যমতে, রোববার সকাল ১১টা পর্যন্ত দেশের ভেতরে ৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। তাদের মধ্যে ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোট প্রদান করেছেন এবং ৩ লাখ ৪৪ হাজার ৮২৬ জন ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট বুঝে পেয়েছেন।
সালীম আহমাদ খান জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।


For all latest news, follow The Financial Express Google News channel.