সবার জন্য স্বাস্থ্য ও সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রাষ্ট্রপতি


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকারগুলোর অন্যতম। বর্তমান সরকার ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে সম্মান ও মর্যাদার সঙ্গে স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি জানান, এই নীতির আলোকে রোগীর মৌলিক পরিচয় সুরক্ষিত করতে ইতোমধ্যে সকল নাগরিককে ইলেক্ট্রনিক হেলথ (ই-হেলথ) কার্ড প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামীকাল ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আজ দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, “বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ পালিত হচ্ছে, যা আনন্দের বিষয়। বিজ্ঞানী, বিশেষজ্ঞ ও স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সকলের সহায়তায় একটি সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে এবারের দিবসের প্রতিপাদ্য ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ যথাসময়ে ও তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও উল্লেখ করেন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তোলার জন্য পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। রাষ্ট্রপতি বিশ্বাস করেন, এই কর্মসূচিগুলোর সফল বাস্তবায়ন, নিবিড় মনোযোগ এবং যথাযথ বিনিয়োগের মাধ্যমে অচিরেই স্বাস্থ্যসেবার মান ও সূচকে গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাবে।
রাষ্ট্রপতি বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। আধুনিক সভ্যতার নানা নেতিবাচক প্রভাবে পৃথিবীর উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব ক্রমশ বাড়ছে। তাই বিজ্ঞানের উৎকর্ষকে কাজে লাগিয়ে একটি সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি সরকারি ও বেসরকারি চিকিৎসক, গবেষক, পরিবেশবিদ, প্রাণিসম্পদ বিশেষজ্ঞসহ সকল অংশীজনকে আহ্বান জানান, যেন তারা সম্মিলিতভাবে একটি সর্বজনীন সমন্বিত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করেন।
রাষ্ট্রপতি ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬’-এর সমস্ত কর্মসূচির সফলতা কামনা করেন।


For all latest news, follow The Financial Express Google News channel.