রোববার থেকে হাম-রুবেলা টিকাদান শুরু


আগামীকাল থেকে দেশে জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অগ্রাধিকার দিয়ে এই টিকা প্রদান করা হবে।
আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে নির্ধারিত উপজেলাগুলোতে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হবে।
মন্ত্রী জানান, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে এ কর্মসূচি নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে দেশের বিভিন্ন জেলার নির্বাচিত ৩০টি উপজেলায় এই কার্যক্রম চালানো হবে।
উদ্বোধনের দিন পাঁচটি স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন, আর বাকি উপজেলাগুলোতে স্থানীয় প্রশাসন ও সিভিল সার্জনরা কার্যক্রম পরিচালনা করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব শিশু জ্বরে আক্রান্ত বা অসুস্থ, তাদের সুস্থ হওয়ার পর টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে আগে টিকা নেওয়া থাকলেও বা না থাকলেও নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই এই টিকার আওতায় আনা হবে।
মন্ত্রী জানান, আক্রান্তদের প্রায় ৮২ শতাংশই ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সী শিশু। তাই প্রথম ধাপে এই বয়সসীমার শিশুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ কর্মসূচির অংশ হিসেবে জ্বর বা আক্রান্ত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। সুস্থ শিশুদের ক্ষেত্রে শুধু টিকাই দেওয়া হবে, অতিরিক্ত কোনো ওষুধ দেওয়া হবে না। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্র, স্কুল ও কমিউনিটি সেন্টারে টিকাদান চলবে।
তিনি আরও বলেন, এটি একটি চলমান কার্যক্রম। শুরুতে ঝুঁকিপূর্ণ এলাকায় সীমাবদ্ধ থাকলেও ধীরে ধীরে তা সারা দেশে বিস্তৃত করা হবে এবং জুলাই মাসের মধ্যে এটি নিয়মিত কর্মসূচিতে অন্তর্ভুক্ত হবে।
টিকাদানের হার কমে যাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অতীত নিয়ে না ভেবে বর্তমানে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এস.এম জিয়াউদ্দিন, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.