ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রকাশ :

সংশোধিত :

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের দাবি পূরণের আশ্বাস পাওয়ার পর কর্মবিরতি প্রত্যাহার করে আবার কাজে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসক মোহাম্মদ সাদিক জানান, সোমবার সকাল থেকে তারা পুনরায় কাজ শুরু করবেন।

ঘটনার পটভূমি অনুযায়ী, শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এতে নারী চিকিৎসকসহ অন্তত পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কর্মবিরতি শুরুর পর শনিবার দুপুরে হাসপাতালের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসলেও ঘণ্টাব্যাপী আলোচনা শেষে সমঝোতা না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন। এ কারণে হাসপাতালের ভর্তি রোগীরা বিপাকে পড়েন। হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনজনকে পুলিশ আটক করে।

রোববার দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আবারও বৈঠকে বসেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। ঘণ্টাব্যাপী বৈঠকে তিনি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আনসার মোতায়েনের আশ্বাস দেন। এছাড়া ইন্টার্ন চিকিৎসকরা মোট আটটি বিষয়ে তাদের দাবি-দাওয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেন।

বৈঠকের পর মোহাম্মদ সাদিক বলেন, “কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আমরা কর্মবিরতি শুরু করেছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবি পূরণের আশ্বাস দেওয়ায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি। তবে মানসিক প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে সোমবার সকাল ৮টা থেকে কাজে যোগ দেব।”

অন্যদিকে, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির সাংবাদিকদের জানান, “ইন্টার্ন চিকিৎসকরা আমাদের দাবিতে সম্মত হয়ে কর্মবিরতি প্রত্যাহার করেছেন। আমরা তাদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দেব। হাসপাতালের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সার্বক্ষণিক আনসার মোতায়েন করা হবে।” 

সর্বশেষ খবর