হামের প্রকোপ বাড়ছে: এক দিনে ১১ মৃত্যু, নতুন শনাক্ত ২২৪

প্রকাশ :

সংশোধিত :

দেশে হামে আক্রান্ত হয়ে এবং এ রোগের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২১ জন এবং উপসর্গ নিয়ে মোট ১২৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন অনুযায়ী, সোমবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও ১ হাজার ২৩৬ জন চিকিৎসা নিয়েছেন। এ সময় পরীক্ষায় ২২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯ হাজার ৮৮৩ জন চিকিৎসা নিয়েছেন এবং পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৩৯৮ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯৪০ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ১৬ জন।

হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত শুক্রবার থেকে দেশের ৩০টি উপজেলাকে হটস্পট ঘোষণা করে টিকাদান কর্মসূচি চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৯৯ জন এবং রাজশাহী বিভাগে ২২৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। একই সময়ে ঢাকা বিভাগে সর্বাধিক ১৮৬ জনের হাম শনাক্ত হয়েছে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জনই ঢাকা বিভাগের, যার মধ্যে ৬ জন ঢাকা জেলার বাসিন্দা। এছাড়া হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া একজনও ঢাকা বিভাগের ছিলেন।

তবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৮ জনের মৃত্যু হয়েছে রাজশাহী বিভাগে, আর ঢাকা বিভাগে মারা গেছেন ৫১ জন।

পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে দেশের ৩০টি উপজেলায় হটস্পট নির্ধারণ করে টিকাদান কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

 

সর্বশেষ খবর