সরকারি উদ্যোগে বনভূমি বৃদ্ধি ও সংরক্ষণে সমন্বিত কর্মসূচি গ্রহণের ঘোষণা

প্রকাশ :
সংশোধিত :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকার নিয়ন্ত্রিত বনভূমির পরিমাণ দেশের মোট আয়তনের ২০ শতাংশে উন্নীত করতে সরকার একটি সুপরিকল্পিত কর্মসূচি হাতে নেবে।
আজ শনিবার (৯ আগস্ট) রাজধানীর বন ভবনে বন বিভাগের উন্নয়ন বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বনভূমি বৃদ্ধির পাশাপাশি বনাঞ্চল রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, নদীর জেগে ওঠা চর, উপকূলীয় অঞ্চল ও পতিত জমিতে নতুন বনভূমি তৈরির উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে বনকর্মীদের দক্ষতা বাড়াতে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
বিপন্ন বন্যপ্রাণী রক্ষায় ‘এলিফ্যান্ট করিডর রেস্টোরেশন’ কর্মসূচি গ্রহণ করা হবে এবং বন্দি হাতির জন্য বিশেষ অরফানেজ গড়ে তোলা হবে। এছাড়া বন বিভাগের কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল মনিটরিং চালু করা হবে, যাতে কর্মচারীরা বিধি অনুযায়ী কাজ করতে পারেন।
তিনি আরও বলেন, বন কেবল গাছের সমষ্টি নয় এটি আমাদের জীবনের রক্ষা-কবচ। তাই বন সংরক্ষণ ও সম্প্রসারণে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, যুগ্মসচিব (বন) শামিমা বেগম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


For all latest news, follow The Financial Express Google News channel.