ঢাকায় মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই

প্রকাশ :
সংশোধিত :

আজ বৃহস্পতিবার (১২ জুন) রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারা দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
সকাল ৭টায় প্রকাশিত ৬ ঘণ্টার বিশেষ পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে কখনো কখনো মেঘাচ্ছন্ন থাকতে পারে। যদিও দিনের তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত রয়েছে, তবে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরমের অস্বস্তি তেমন কমবে না।
আজ ভোর ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ের মধ্যে কোনো বৃষ্টিপাত হয়নি। ফলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, দেশজুড়ে বর্ষা মৌসুম শুরু হওয়ার প্রস্তুতি থাকলেও মৌসুমি বায়ু এখনও পুরোপুরি সক্রিয় হয়নি। দেশের দক্ষিণাঞ্চলে এর কিছুটা প্রভাব দেখা দিলেও ঢাকায় সেটি এখনো পৌঁছায়নি।
অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-একটি স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এছাড়া দেশের কিছু অঞ্চলে এখনও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং রংপুর-রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে এই তাপপ্রবাহ বয়ে চলছে, তবে তা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.