টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

প্রকাশ :
সংশোধিত :

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরি-র বাবা দেবু প্রসাদ রায়-কে গ্রেফতার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গত শনিবার (১৮ এপ্রিল) ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্যান্টনমেন্ট থানায় অভিযোগ দায়ের করলে সেদিনই তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগ ও ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান।
জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ভুক্তভোগী একই দিনে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন এবং পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানায়।
মামলার এজাহার অনুযায়ী, চলচ্চিত্র প্রযোজনার ব্যবসার কথা বলে ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর দেবু প্রসাদ রায় ভুক্তভোগী ও তার এক বন্ধুর কাছ থেকে নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার নেন। পরে একই ব্যবসার কথা উল্লেখ করে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ টাকা এবং ২০২৪ সালের ১৫ মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন।
এছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ অভিযুক্তের অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান ভুক্তভোগী।
ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত কোনো টাকা ফেরত দেননি। বরং টাকা চাইলে নানা অজুহাত দেখিয়ে পরে হুমকি দিতে থাকেন। এতে তার বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.