নিথর দেহে দেশে ফিরলেন কারিনা কায়সার

প্রকাশ :

সংশোধিত :

পরিবার, সহকর্মী ও ভক্তরা আশা করেছিলেন সুস্থ হয়ে দেশে ফিরবেন কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার। তবে সেই আশা আর পূরণ হয়নি। মৃত্যুর পর আজ রোববার (১৭ মে) তার মরদেহ দেশে আনা হয়েছে।

কারিনাকে বহনকারী বিমান বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। পরে বিকেল ৫টা ২০ মিনিটের দিকে তার মরদেহ গ্রহণ করেন বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। এ সময় উপস্থিত সংবাদকর্মীদের ভিড়ের মধ্যে শোকে বাকরুদ্ধ দেখা যায় তাকে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর এশার নামাজের পর বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা হবে। রাত ১০টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে।

লিভারজনিত জটিলতায় কয়েক দিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তার মৃত্যু হয়।

সর্বশেষ খবর