লাইফ সাপোর্টে কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

প্রকাশ :
সংশোধিত :

গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার। লিভার সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন।
কারিনা কায়সারের অসুস্থতার খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেন তার বাবা কায়সার হামিদ। তিনি জানান, কারিনার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হলে শুক্রবার (৮ মে) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়ের অসুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, “কয়দিন ধরেই অসুস্থ। এক সপ্তাহ ধরে লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি আছে। শুক্রবার প্রচণ্ড জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কারিনা হেপাটাইটিসে আক্রান্ত বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছেন তারা বাবা।
কায়সার হামিদ বলেন, “কারিনার ফ্যাটি লিভার ছিল। দেশে যে লিভার সংক্রান্ত চিকিৎসা নেই আমরা তা জানতাম না। এটা একটা দেশের জন্য খুব খারাপ।”
মেয়ের উন্নত চিকিৎসায় সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, “উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হবে। কিন্তু সেই চিকিৎসা ব্যয় অনেক। আমরা আসলে হিমশিম খেয়ে যাচ্ছি।
“সরকারিভাবে যদি বিদেশে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার মেয়েটা সুস্থ হয়ে উঠতে পারে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন।”
কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পেয়েছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চরকি অরিজিনাল সিরিজ ‘ইন্টার্নশিপ’, ‘৩৬-২৪-৩৬’।


For all latest news, follow The Financial Express Google News channel.