ঈদে সনি লিভে আসছে আরিফিন শুভর বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’

প্রকাশ :
সংশোধিত :

বলিউডে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভর। তার অভিনীত ঐতিহাসিক থ্রিলার সিরিজ ‘জ্যাজ সিটি’ ঈদের সময় আগামী ১৯ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম ‘সনি লিভ’-এ স্ট্রিমিং হবে। সম্প্রতি সিরিজটির ট্রেইলার প্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সত্তরের দশকের সামাজিক-রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে ‘জ্যাজ সিটি’ নির্মিত হয়েছে। ট্রেইলারে দেখা যায়, ১৯৭১ সালের কলকাতা শহরের একটি জ্যাজ ক্লাবের আড়ালে এই গল্পের কাহিনি এগিয়েছে।
সংগীত, রহস্য এবং মানসিক দ্বন্দ্বের মিশেলে নির্মিত এই সিরিজটি মূলত সেই প্রজন্মের গল্প তুলে ধরেছে, যাদের সামনে নীরবতা অথবা প্রতিরোধ—যেকোনো একটি বেছে নেওয়ার বাধ্যবাধকতা ছিল। জ্যাজ ক্লাবের জলসাঘর থেকেই কীভাবে বিপ্লবের ডাক উঠেছিল এবং তা একটি জাতির ভবিষ্যৎ বদলে দিয়েছিল, তা-ই সিরিজের মূল উপজীব্য। সনি লিভ তাদের ইনস্টাগ্রাম পোস্টে লিখেছে, “পটভূমিতে ছিল সুর, কিন্তু শব্দ জ্বেলে দিচ্ছিল বিপ্লব। এক আত্মা জেগে উঠল। একটি ভাষা চিৎকার করল। একটি জাতি জন্ম নিল।”
সিরিজে ‘জিমি রায়’ নামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শুভ। ট্রেইলারে তাকে এমন একজন চৌকস মানুষ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি সাধারণত দ্বন্দ্ব এড়িয়ে চলেন এবং সব সমস্যার সমাধান তার কাছে থাকে।
শুভর চরিত্রটি সম্পর্কে ট্রেইলারে বলা হয়েছে, “জিমি দাবার ঘোড়ার মতো চলে, ও কখনও সোজা রাস্তা দিয়ে চলে না, কিন্তু হঠাৎ এমন চাল মেরে বেরিয়ে যাবে, আপনি জানতেও পারবেন না।”
সিরিজটির পরিচালনা, গল্প এবং চিত্রনাট্য করেছেন ভারতীয় নির্মাতা সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজ নির্মাণ করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।
‘জ্যাজ সিটি’-তে শুভর বিপরীতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শাতাফ ফিগার, আলেকজান্দ্রা টেলর ও অমিত সাহাসহ আরও অনেকে। উল্লেখ্য, সিরিজটি চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে মুক্তির কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে ১৯ মার্চ নির্ধারণ করা হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.