আগেরটা বাতিল করে নতুন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন

প্রকাশ :
সংশোধিত :

বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে ১৫ সদস্যবিশিষ্ট একটি নতুন উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার এই নতুন বোর্ড গঠন করেছে।’ এর ফলে গত ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর গঠিত আগের বোর্ডটি বাতিল বলে গণ্য হবে।
নতুন গঠিত ১৫ সদস্যের এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। আর সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বোর্ডের ভাইস চেয়ারম্যান।
বোর্ডে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে চারজনের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন:
- চলচ্চিত্র নির্মাতা খিজির হায়াত খান
- চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ
- চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ
- চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির
বোর্ডের অন্য সদস্যরা হলেন—তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার), প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব) এবং বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক।
এছাড়া পদাধিকার বলে বোর্ডে সদস্য হিসেবে থাকবেন—বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি, চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি, চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি এবং চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি।


For all latest news, follow The Financial Express Google News channel.