শিক্ষা ব্যবস্থা আধুনিক করতে সৃজনশীল উদ্যোগের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশ :

সংশোধিত :

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবার কাছে সৃজনশীল প্রস্তাব ও বাস্তবধর্মী উদ্যোগ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থায় অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা বা ‘রেড টেপ’ কমিয়ে পাঠ্যক্রম ও কোর্সকে সময়োপযোগী ও উৎপাদনমুখী করতে হবে।

আজ রোববার (১ মার্চ) বিকেলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মন্ত্রী জানান, ২০২৭ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহ থেকেই এ কার্যক্রম শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রণয়নে দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ড. মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয় শুধু একটি প্রশাসনিক মন্ত্রণালয় নয়, বরং জাতি গঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি। এই মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে। তিনি সবাইকে দেশের ভবিষ্যৎ উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মাদ্রাসা ও সাধারণ শিক্ষার মানোন্নয়নে উন্নত দেশের শিক্ষাব্যবস্থা, গবেষণা নিবন্ধ এবং পিএইচডি গবেষকদের কাজ পর্যালোচনা করে কার্যকর ধারণা গ্রহণের পরামর্শ দেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতিতে যুক্ত করার কথাও উল্লেখ করেন।

সভায় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব তৈরির আহ্বান জানান। তিনি বলেন, মাদ্রাসা বোর্ড ও সংশ্লিষ্ট অধিদপ্তরের দায়িত্ব, শিক্ষাসংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক জটিলতা নিরসনে একটি সুসংগঠিত তালিকা মন্ত্রণালয়ে উপস্থাপন করা হলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর