সাত কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র যাত্রা শুরু, অধ্যাদেশ জারি

প্রকাশ :

সংশোধিত :

ঢাকার ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে নতুন একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্থাপনের অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মধ্য দিয়ে দীর্ঘ আন্দোলনের পর আলাদা বিশ্ববিদ্যালয় হিসেবে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।

রোববার (৮ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে। 

গেজেট অনুযায়ী, এখন থেকে ঢাকার নিচের সাতটি সরকারি কলেজ একাডেমিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সঙ্গে সংযুক্ত থাকবে:
১. ঢাকা কলেজ
২. ইডেন মহিলা কলেজ
৩. সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ
৪. কবি নজরুল সরকারি কলেজ
৫. বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
৬. মিরপুর সরকারি বাঙলা কলেজ
৭. সরকারি তিতুমীর কলেজ

অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের মাধ্যমে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। নতুন বিশ্ববিদ্যালয়টি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঠ্যক্রম প্রণয়ন, পরীক্ষা গ্রহণ, গবেষণা ও সনদ প্রদানের দায়িত্ব পালন করবে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা থাকলেও তা প্রস্তুত না হওয়া পর্যন্ত ভাড়া করা ভবন ও জায়গা ব্যবহার করে কার্যক্রম চালানো যাবে।

এই সাতটি কলেজ একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালে এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে সেশনজট, ফল প্রকাশে বিলম্বসহ নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আলাদা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করে আসছিলেন।

দাবিপূরণের অংশ হিসেবে গত বছরের ২৪ সেপ্টেম্বর অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয়। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ খসড়াটি অনুমোদন দেয়। সবশেষে রোববার এটি চূড়ান্ত অধ্যাদেশ হিসেবে গেজেট আকারে প্রকাশ পেল।

সর্বশেষ খবর