ইউজিসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ, জবি উপাচার্য রইছ উদ্দীন

প্রকাশ :

সংশোধিত :

দেশের উচ্চশিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ দুটি পরিবর্তন এনেছে সরকার। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মো. রইছ উদ্দীন।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে এই দুই নতুন নিয়োগের ঘোষণা দেন।

ইউজিসির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক মামুন আহমেদের নাম ঘোষণা করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৫ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার অধ্যাপক ফায়েজকে এই দায়িত্ব দিয়েছিল। তার স্থলাভিষিক্ত হওয়া অধ্যাপক মামুন আহমেদ ১৯৬৭ সালের ১ জানুয়ারি লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৯৬ সালে তিনি শিক্ষকতায় যুক্ত হন এবং একই বছর জাপানের নিহন ইউনিভার্সিটি থেকে মলিকুলার ভাইরোলজিতে পিএইচডি সম্পন্ন করেন।

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের এই অধ্যাপক শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতেও সক্রিয়। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এই শিক্ষাবিদ বিএনপিপন্থি ‘সাদা প্যানেল’ সমর্থিত প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যও হয়েছিলেন। গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে দায়িত্ব পাওয়া অধ্যাপক মো. রইছ উদ্দীন এ শিক্ষায়তনের শিক্ষকদের মধ্য থেকে নিয়োগ পাওয়া দ্বিতীয় ভিসি।

তিনি সমাজকর্ম বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিমের স্থলাভিষিক্ত হচ্ছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর গত ১৮ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক রেজাউল করিমকে এই দায়িত্ব দিয়েছিল, তার আগে আওয়ামী লীগ সরকারের সময়ে এই পদে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদেকা হালিম। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় এই রদবদল করা হলো।

নতুন উপাচার্য অধ্যাপক রইছ উদ্দীন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এরও নেতৃত্ব দিয়েছেন।

সর্বশেষ খবর