ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম

প্রকাশ :

সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি এতদিন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন।

নতুন এই উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের স্থলাভিষিক্ত হচ্ছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তনের হাওয়ায় ঢাবির উপাচার্যের দায়িত্ব পেয়েছিলেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। এরপর নতুন সরকার গঠনের ছয় দিনের মাথায় গত ২২ ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেও, নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি নিজ পদে থেকে দায়িত্ব পালন করে আসছিলেন।

অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে স্নাতক ও ১৯৮৮ সালে স্নাতকোত্তর সম্পন্ন করে একই বিভাগে শিক্ষকতায় যুক্ত হন। পরবর্তীতে ১৯৯৯ সালে তিনি জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাদানের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) বর্তমান সভাপতি এবং বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন 'সাদা দল'-এর আহ্বায়ক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন।

সর্বশেষ খবর