পদত্যাগ করেননি ঢাবি উপাচার্য, নির্বাচনের পর সরে দাঁড়ানোর আগ্রহ

প্রকাশ :

সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পদত্যাগ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ ছড়িয়েছে, তা সঠিক নয়। 

তিনি স্পষ্ট করেছেন, তিনি এখনই পদত্যাগ করছেন না; তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে পুনরায় শিক্ষকতায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কিছু গণমাধ্যমে তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, “আমি পদত্যাগ করিনি। তবে নির্বাচনের পর আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। কিন্তু আমি হুট করে প্রশাসনিক কোনো শূন্যতা বা অচলাবস্থা সৃষ্টি করার পক্ষে নই।” 

তিনি আরও বলেন, “সরকার ও সংশ্লিষ্ট মহল চাইলে এবং বিশ্ববিদ্যালয়ে শূন্যতা পূরণের প্রয়োজনে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে রাজি আছি।”

ড. নিয়াজ আহমদ খান জানান, ২০২৪ সালের আগস্টে দেশের এক ‘বিশেষ ও আপৎকালীন’ পরিস্থিতিতে ছাত্রদের অনুরোধে তিনি এই দায়িত্ব কাঁধে নিয়েছিলেন। তখন প্রশাসনিক কাঠামো অকার্যকর ছিল। 

তিনি বলেন, “সবার সহযোগিতায় বর্তমানে বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীলতা ফিরে এসেছে। এখন আর সেই নাজুক পরিস্থিতি নেই। উপাচার্যের দায়িত্বটি আমার কাছে আমানতের মতো ছিল। তাই আমি এখন ডেপুটেশন বা প্রেষণ প্রত্যাহার করে আমার মূল পদ ‘উন্নয়ন অধ্যয়ন বিভাগ’-এর গ্রেড-১ অধ্যাপকের পদে ফিরতে চাই।” 

এ বিষয়ে তিনি শীঘ্রই রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর চিঠি দেবেন বলেও জানান। 

ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নিলে তারা যেন নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে, সেটাই আমি চাই।” 

সর্বশেষ খবর