মানসম্মত শিক্ষা নিশ্চিতে ব্যর্থতার কথা স্বীকার শিক্ষামন্ত্রীর, কারিকুলাম পরিবর্তনের ঘোষণা

প্রকাশ :

সংশোধিত :

দেশে এখনো মানসম্মত শিক্ষা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি, এ কথা খোলাখুলিভাবে স্বীকার করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ শনিবার (৯ মে) এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে বর্তমানে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় থাকলেও সংখ্যা বাড়লেও কাঙ্ক্ষিত মানের শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। তিনি জানান, মানসম্মত শিক্ষা দিতে ব্যর্থ হওয়ার দায় শিক্ষার্থীদের নয়, বরং এটি সরকারের ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সমস্যা সমাধানে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীর সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে ‘চায়না-বাংলাদেশ এডুকেশন করপোরেশন ফোরাম-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, চীনের সঙ্গে শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হচ্ছে, যাতে শিক্ষকদের দক্ষতা বাড়ানো যায় এবং শ্রেণিকক্ষে আরও কার্যকরভাবে পাঠদান নিশ্চিত করা যায়। তিনি বলেন, শুধুমাত্র পরীক্ষার ওপর নির্ভরশীল শিক্ষা নয়, বরং নিয়মিত ক্লাসে শেখানো ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

তিনি জানান, নতুন কারিকুলাম ও সিলেবাস পরিবর্তনের কাজ চলছে এবং শিক্ষাবর্ষের জন্য একটি নির্দিষ্ট ক্যালেন্ডার তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করাও সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষায় তৃতীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তিনি চীনের শিক্ষাব্যবস্থার উদাহরণ টেনে বলেন, সেখানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষা গ্রহণ করছে, যা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে অতিথিরা শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী পরিদর্শন করেন।

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষা প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা।

সর্বশেষ খবর