জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য উচ্চশিক্ষা অবৈতনিক ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রকাশ :

সংশোধিত :

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই শিক্ষা খাতে একগুচ্ছ নির্দেশনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে অন্যতম হলো—জুলাই আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি এবং আগামী ৫ বছরের উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ২ লাখের বেশি শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ করা হবে। পর্যায়ক্রমে এটি সারাদেশের সকল প্রাথমিক শিক্ষার্থীর জন্য উন্মুক্ত করা হবে বলে জানান। 

তিনি আরও জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণের জট দূর করতে প্রয়োজনে একাধিক শিফটে কার্যক্রম পরিচালনা করা হবে। এমনকি জাতীয়করণকৃত ৫০ ঊর্ধ্ব শিক্ষকদেরও এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে প্রাথমিক, কারিগরি, মাদ্রাসা ও স্কুল-কলেজের সকল শিক্ষকের হাতে ট্যাব সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর