একযোগে ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

প্রকাশ :
সংশোধিত :

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তনের ধারাবাহিকতায় এবার একসঙ্গে ১১টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন ভিসি নিয়োগ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আজ বৃহস্পতিবার (১৪ মে) জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষাবিদকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।
যদিও প্রথমে ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, পরে একটি প্রজ্ঞাপন বাতিল করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখার সহকারী সচিব সুলতান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাতের মধ্যেই নতুন উপাচার্যদের নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য নিয়োগের আদেশ বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত মার্চে প্রথম দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–তে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছিল। পরে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও আলাদাভাবে উপাচার্য নিয়োগ করা হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.