বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত এই পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৮৭ দশমিক ৪৪ শতাংশ।
বুয়েট জনসংযোগ দপ্তর জানায়, এবার চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাইকৃত প্রার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৩৫১ জন। এর মধ্যে ছাত্র ৭ হাজার ৬৪৪ জন এবং ছাত্রী ২ হাজার ৭০৭ জন । নির্বাচিত প্রার্থীদের মধ্যে আজ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৯ হাজার ৫১ জ ।
ভর্তি পরীক্ষাটি দুটি শিফটে অনুষ্ঠিত হয়। প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মডিউল-এ এর পরীক্ষা অনুষ্ঠিত হয় । এই শিফটে ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।
দ্বিতীয় শিফটে বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত মডিউল-বি এর পরীক্ষা অনুষ্ঠিত হয় । এই শিফটে ‘খ’ গ্রুপের প্রার্থীদের জন্য মুক্তহস্ত অঙ্কন (Freehand Drawing) এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি (Visual-Spatial Intelligence) বিষয়ের পরীক্ষা নেওয়া হয়।
চলতি শিক্ষাবর্ষে কেমিক্যাল অ্যান্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল এবং স্থপতি ও পরিকল্পনা অনুষদসমূহের অধীনে মোট ১৩টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র জাতি গোষ্ঠিভুক্ত প্রার্থীদের জন্য সংরক্ষিত আসনসহ (প্রকৌশল ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৩টি এবং স্থাপত্য বিভাগের জন্য ১টি) সর্বমোট ১ হাজার ৩০৯টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
পরীক্ষা চলাকালীন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন । এ সময় ভর্তি কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল তাদের সঙ্গে উপস্থিত ছিলেন । পরীক্ষার্থীদের মানসিক চাপ ও মনোযোগের বিষয়টি বিবেচনায় রেখে উপাচার্য ও উপ-উপাচার্য পরীক্ষার হলে প্রবেশ না করে বাইরে থেকেই সার্বিক তদারকি করেন।
ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমান প্রার্থীদের নামের তালিকাসহ ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.